কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের প্রাণবন্ত পরিবেশ সরেজমিনে ঘুরে দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৭ মে) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকার পশুর হাটগুলোর ব্যস্ততা ও ঐতিহ্যবাহী আমেজ দেখতেই তিনি সেখানে যান।

মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বক্তব্যটি হুবহু তুলে ধরে বলা হয়, ‘পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।’

রাষ্ট্রদূতের এই আকস্মিক পশুর হাট পরিদর্শন এবং আন্তরিক শুভেচ্ছা বার্তাটি স্থানীয় সাধারণ মানুষ ও নেটিজেনদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। ঈদকে কেন্দ্র করে দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170463