দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুনেই মুক্তি পেতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুনেই মুক্তি পেতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’

দীর্ঘদিনের অপেক্ষা, সেন্সর জটিলতা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ সিনেমা হওয়ায় ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ও উন্মাদনা এখন তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল আলোচিত এই সিনেমাটি।

যদিও নির্মাতা প্রতিষ্ঠান বা বিজয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে অনলাইনের কয়েকটি জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্মে ‘১৯ জুন’ তারিখটি দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা।

হিট নির্মাতা এইচ. বিনোথ পরিচালিত রাজনৈতিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি প্রথমে চলতি বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। তবে সেন্সর ছাড়পত্র জটিলতায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের কর্ণধার ভেঙ্কট কে নারায়ণা জানান, সেন্সর সার্টিফিকেট পেলেই আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটির মুক্তি দ্রুত নিশ্চিত করতে বিজয় নিজেও বেশ তৎপর। কান চলচ্চিত্র উৎসবে থাকা প্রযোজককে দ্রুত দেশে ফিরে প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

‘জন নায়াগন’-এ বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওল ও প্রকাশ রাজকে। সংগীত পরিচালনায় আছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন।

উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়। তাঁর দল ‘তামিলগা ভেত্রি কাজাগাম’ নির্বাচনে জয় লাভের পর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার আগে ‘জন নায়াগন’-এর মাধ্যমে রূপালি পর্দায় শেষবারের মতো দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই তারকা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170451