ঈদ উপলক্ষে রংপুরে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
রংপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রংপুর জেলার প্রধান ঈদগাহ কালেক্টরেট মাঠে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৩।
আজ বুধবার (২৭ মে) দুপুরে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি সংবাদ সম্মেলনে জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাঠ ও আশপাশ এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য ঈদগাহ ময়দানের নিরাপত্তার জন্য র্যাব-১৩’র টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে র্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও এখানে র্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিম মোতায়েন করা হবে।
ঈদ-উল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় যে কোনো ধরনের চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে র্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। বিশেষ করে জাল টাকার প্রতারণা প্রতিরোধে র্যাবের পক্ষ থেকে পশুর হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরদারির আওতায় রাখা হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে র্যাব-১৩ এর সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ঈদকে সামনে রেখে অনাকাঙ্খিত ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে এবং ঘরমুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে বেআইনী পণ্য ও বস্তুর পরিবহণ রোধে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হচ্ছে।
ঈদ উপলক্ষে পুলিশের সাথে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারী ধরার কার্যক্রম ও চলমান রয়েছে। যে কোনো তথ্য প্রদান বা সহায়তায় র্যাব-১৩ কন্ট্রোল রুমে (মোবাইল- ০১৭৭৭৭১১৩৯৯) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170450