ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৭ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৭ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রায় ৪৭ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল হওয়া ও টানা বৃষ্টির কারণে আজ বুধবার (২৭ মে) ভোর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

যানজটের ফলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, যানজটের কারণে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ২৭ কিলোমিটার এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত আরও ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রাতভর গাজীপুরের চন্দ্রা এলাকায় তীব্র যানজট ছিল। এর প্রভাবে টাঙ্গাইল অংশেও যানজট দেখা দেয়। মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ২০ কিলোমিটার এবং টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা থেকে যমুনা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিট থেকে এক ঘণ্টা ৪০ মিনিট এবং বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুই দফায় একমুখী যান চলাচল করানো হয়। এছাড়া সেতুতে রাত ১২টা থেকে এখন পর্যন্ত পাঁচটি গাড়ি বিকল হয়।

পাবনাগামী যাত্রী আফাজ মিয়া বলেন, চন্দ্রা থেকেই যানবাহনের ধীরগতি ছিল। টাঙ্গাইলে এসে পুরোপুরি যানজটে আটকে গেছি। দেড় ঘণ্টার রাস্তা পাড়ি দিতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা লেগেছে।

নাটোরগামী যাত্রী খোদেজা বেগম বলেন, ঢাকার মৌচাক থেকে ধীরগতি ছিল। টাঙ্গাইলের ঘারিন্দা পার হওয়ার পর দীর্ঘ যানজটে পড়েছি। ৯ ঘণ্টাতেও টাঙ্গাইল পার হতে পারিনি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ায় এ জটলা তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে যান চলাচল ধীরগতির হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170438