বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ চাই - এমপি রনি
বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের পরামর্শক হিসেবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। আজ সোমবার (২৫ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, সবুর শাহ লোটাস, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, হারুনুর রশিদ, প্রতীক ওমর ও ফেরদৌসুর রহমান।
সভায় এমপি রনি বলেন, বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়ন থমকে ছিল। ২৪-এর আন্দোলনে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকরাও জীবন বাজি রেখে মাঠে ছিলেন। দেশ গঠনে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বগুড়ার বেকারত্ব দূরীকরণ, শহরের তীব্র যানজট নিরসন এবং রাস্তাঘাটের উন্নয়নে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও রাজপথের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, হামলা, মামলা ও নির্যাতন সহ্য করার পর দল আজ তাকে মূল্যায়ন করেছে। তিনি কোনো সস্তা প্রচার বা ভাইরালের জন্য নয়, বরং কাজের মাধ্যমে বগুড়ার সার্বিক উন্নয়নে অবদান রাখতে চান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170340