বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত

বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদ ও নির্জন এলাকায় অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’। আজ সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্বপাড়া গ্রাম থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে খিকিন্দা পূর্বপাড়া গ্রামের মৃত গিয়াস মন্ডলের ছেলে মজিবর রহমান মাছ ধরার জন্য নিজের ফসলি জমিতে একটি চায়না দুয়ারী জাল পেতে রাখেন। রাত তিনটার দিকে তিনি জালে আটকানো মাছ সংগ্রহ করতে গেলে বিশাল (প্রায় ৬ফুট) আকৃতির এই পদ্ম গোখরা সাপটি দেখতে পান।

পরে তিনি সাপসহ জালটি বাড়িতে নিয়ে আসেন এবং সাপটিকে মেরে ফেলার প্রস্তুতি নেন। পরে জালের মালিক মজনু মিয়া সাপটিকে না মেরে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ জামাল কামালকে বিষয়টি জানান।

খবর পেয়ে শাহ জামাল কামাল তাৎক্ষণিকভাবে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় সাগরকে বিষয়টি অবহিত করেন। এরই প্রেক্ষিতে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সাথে অক্ষত অবস্থায় বিষধর সাপটি উদ্ধার করে লোকালয় থেকে দূরে একটি নির্জন ও নিরাপদ জঙ্গল এলাকায় অবমুক্ত করেন। সাপটি উদ্ধারের সময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170322