বগুড়ার শাজাহানপুরে র‌্যাব’র অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, জুয়ার সরঞ্জাম জব্দ

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব’র অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, জুয়ার সরঞ্জাম জব্দ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় র‌্যাব’র অভিযানে খাদিজা খাতুন (২৯) নামের এক অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। এসময় জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্ট মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। গত শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদলা কালিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত খাদিজা খাতুন শাজাহানপুর উপজেলার মাদলা কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

গতকাল র‌্যাব-১২ সিপিসি বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এটিসি প্রেসব্রিফিংকালে জানান,, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল খাদিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি Enjoy 247, VELKI Live I PLAY25  নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন।

তিনি আরো জানান, Enjoy247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে ৬১৯ দশমিক ৩২ এবং ১ হাজার ৮৪ দশমিক ৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের মধ্যে ১১ জন সক্রিয় ছিলেন। সেখানে মোট ২২ হাজার ৬৯৫টি লেনদেনের তথ্য পাওয়া যায়।

এছাড়া VELKI Live প্ল্যাটফর্মে ৭০ দশমিক ৭২ পিবিইউ ব্যালেন্স ও ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য পাওয়া গেছে। PLAY25 প্ল্যাটফর্মে ৬৪৪ দশমিক ৫৭ মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে ৪০২ মার্কিন ডলার মাস্টার এজেন্টকে পাঠানো এবং ১৪০ মার্কিন ডলার গ্রহণের তথ্যও মিলেছে। পরে আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170288