শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও চিকিৎসকদের মধ্যে মারামারির পর কর্মবিরতিতে থাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্নরা চিকিৎসা সেবায় ফিরেছেন।

আজ সোমবার (২৫ মে) দুপুরের পর থেকে চিকিৎসা সেবায় ফিরেছেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক তানভীর রেজা।তিনি জানান, মানবিক কারণে তারা সোমবার দুপুরের পর থেকে চিকিৎসা সেবায় ফিরেছেন।

এই ইন্টার্ন চিকিৎসক আরও বলেন, তাদের দাবি অনুযায়ী হাসপাতালের প্রত্যেক ইউনিটে তিন জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পুলিশের একটি টহল টিম হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তারা হাসপাতালের বিভিন্ন ইউনিটে টহল দেবেন।

তানভীর রেজা জানান, তাদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি আগামী ৩১ মে প্রতিবেদন জমা দেবেন। এরপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪০) গলাচিপায় জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের ছোট ভাই রুবেল হাওলাদার অভিযোগ করেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত নার্সকে একাধিকবার ডাকলেও তারা সাড়া দেননি। পরে রোগীর মৃত্যু হলে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সরকারি বিএম কলেজের শিক্ষার্থী নাহিদ সরোয়ারকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হাসপাতালে জড়ো হন। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরাও অবস্থান নিলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও হাসপাতালে বহিরাগত প্রবেশ সীমিতসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন শুরু করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170284