ফ্রোজেন মাংস দ্রুত ও নিরাপদে ছাড়াবেন যেভাবে

ফ্রোজেন মাংস দ্রুত ও নিরাপদে ছাড়াবেন যেভাবে

রান্না শুরু করার ঠিক আগে অনেক সময় দেখা যায়, ফ্রিজে রাখা মাংস এখনো পুরোপুরি বরফ জমা অবস্থায় রয়েছে। তাড়াহুড়োয় অনেকে সেটি সরাসরি রান্নাঘরের কাউন্টারে রেখে গলানোর চেষ্টা করেন। কিন্তু বিশেষ করে গরমের দিনে এই অভ্যাস ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ভালো খবর হলো, কিছু সহজ ও নিরাপদ উপায়ে খুব দ্রুত মাংস ডিফ্রস্ট করা সম্ভব—তাও আবার স্বাদ ও টেক্সচার ঠিক রেখে।

দ্রুত এবং নিরাপদভাবে মাংস গলানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ঠান্ডা পানির ব্যবহার। মাংস আগে ভালোভাবে সিল করা ব্যাগে ভরে নিন। এরপর ঠান্ডা পানিভর্তি পাত্রে ডুবিয়ে রাখুন। প্রতি ২০ থেকে ৩০ মিনিট পর পানি বদলে দিন। ছোট টুকরা হলে প্রায় এক ঘণ্টার মধ্যেই গলে যেতে পারে। এই পদ্ধতিতে মাংস নিরাপদ তাপমাত্রায় থাকে, ফলে জীবাণু বৃদ্ধির আশঙ্কা কমে।

আগে থেকেই একটু পরিকল্পনা করলে পরে ডিফ্রস্ট করা অনেক সহজ হয়। বড় ব্লকের বদলে পাতলা স্তরে মাংস সংরক্ষণ করুন। এতে সমানভাবে জমে এবং দ্রুত গলে রান্নার সময়ও সুবিধা হয়। এটি সময় বাঁচানোর পাশাপাশি বেশ কার্যকর একটি অভ্যাস।

অনেকের কাছে কম পরিচিত হলেও ধাতব প্যান ব্যবহার পদ্ধতি বেশ কাজে দেয়। দুটি ধাতব প্যানের মাঝে মাংস রেখে দিন অথবা উল্টো করে রাখা ধাতব ট্রের ওপর রাখুন। ধাতু দ্রুত তাপ পরিবহন করতে পারে, তাই মাংস স্বাভাবিকের তুলনায় দ্রুত গলতে শুরু করে। ছোট অংশের জন্য এটি বেশি উপযোগী।

বর্তমানের বেশিরভাগ মাইক্রোওয়েভে ডিফ্রস্ট অপশন থাকে, যা অল্প সময়েই বরফ গলাতে সাহায্য করে। অল্প অল্প সময় দিয়ে ব্যবহার করুন। মাঝেমধ্যে মাংস উল্টে দিন। গলার পর সঙ্গে সঙ্গে রান্না করুন। অতিরিক্ত সময় দিলে কিছু অংশ আংশিক রান্না হয়ে যেতে পারে, যা স্বাদ ও গুণগত মান নষ্ট করতে পারে।

দীর্ঘমেয়াদে ছোট ছোট ভাগে সংরক্ষণের অভ্যাস বেশ সুবিধাজনক। বড় প্যাকেটের বদলে ছোট অংশে ভাগ করে রাখুন। প্রয়োজন অনুযায়ী সহজে বের করা যায়। বারবার গলানো ও পুনরায় জমিয়ে রাখার প্রয়োজন কমে যায়।

খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে ধীরে ধীরে মাংস গলানোই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ব্যাকটেরিয়ার ঝুঁকি কম থাকে। তবে দ্রুত প্রয়োজন হলে ঠান্ডা পানির পদ্ধতি সবচেয়ে ভালো বিকল্প। আর মাইক্রোওয়েভ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে রান্না করে নেওয়াই উচিত।

যদি মাংস ফ্রিজের ভেতরে ধীরে ধীরে গলানো হয়, তাহলে পুনরায় ফ্রিজে রাখা যেতে পারে। তবে দীর্ঘ সময় বাইরে রেখে গলানো হলে বা গরম পানিতে ডিফ্রস্ট করা হলে সেটি আবার ফ্রিজে না রাখাই ভালো। এতে খাবারের স্বাদ ও নিরাপত্তা দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170282