রাজধানীতে চিপস তৈরির কারখানা থেকে দগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার
মফস্বল ডেস্ক : রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন-মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। আজ সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুট চিপ তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রাত ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবার নাম ইসলাম উদ্দিন। এবং মোস্তফার বাবার নাম মজনু মিয়া।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপসের কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। পরে ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্লাহ ফুড নামে চিপস তৈরির কারখানায় কাজ করেন তারা। কারখানাটি টিনসেড দুইতলা। রাতে তারা ১০ জন কর্মচারী কারখানার ভেতরে ছিলেন। তিনি আরও বলেন, রোববার (২৪ মে) রাত ১০টায় তারা খাবার খেয়ে কারখানার দুইতলায় ঘুমিয়ে পরেন। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নেভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। জানতে পেরেছি, কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুন লাগে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170239