বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ারবাজার। এছাড়া হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে বলেও বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
বিবিসি বলছে, তেহরানের সঙ্গে একটি চুক্তির অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। তবে পরদিন তিনি আলোচক দলকে তাড়াহুড়া না করার পরামর্শ দেন। এমন অবস্থায় সোমবার (২৫ মে) এশিয়ার বাজারে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৫০ ডলারে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, সম্ভাব্য চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেয়া হবে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই সরু সমুদ্রপথ দিয়ে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। এদিকে হরমুজ প্রণালি আবার চালু হতে পারে— এমন আশায় জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবার ৬৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।
এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ‘শান্তি সম্পর্কিত সমঝোতা স্মারক’ নিয়ে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে চুক্তির অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে।’ ট্রাম্প আরও বলেন, ‘চুক্তির চূড়ান্ত বিষয় ও বিস্তারিত দিকগুলো এখন আলোচনা হচ্ছে। খুব শিগগিরই ঘোষণা দেয়া হবে’। তিনি আরও জানান, শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার ফোনে কথা হয়েছে এবং ফোনালাপটি ‘খুব ভালো’ হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170235