টাঙ্গাইলে নিহতদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁ জেলায়
মফস্বল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোররাতে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
এদিকে, তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সকলেই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170221