বগুড়ার ধুনটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর পাড়ে নির্জন ঝোপঝাড়ের ভেতর বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে (৪২) ধর্ষণচেষ্টার অভিযোগে গোরাঙ্গ কুমারের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তোভোগী ওই নারীর স্বামী বাদি হয়ে গোরাঙ্গর বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন। দিনমজুর গোরাঙ্গ উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গাইঘাটিপাড়ার জুড়ান মাঝির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গাইঘাটিপাড়ার এক কৃষকের বাকপ্রতিবন্ধী স্ত্রী কয়েক দিন আগে পাশের গাবতলী উপজেলার চরপাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। গত ২২ মে সকাল ১০টার দিকে ভুক্তভোগী নারী একাই বোনের বাড়ি থেকে বাঙালি নদীর পাড়ের ওপর দিয়ে হেঁটে স্বামীর বাড়িতে ফিরছিলেন।

ওই পথের ধারে আগে থেকে মাঠে কৃষি কাজ করছিল গোরাঙ্গ। ওই নারী বাড়ির অদূরে নদীর পাড়ে নির্জন স্থানে ঝোপঝাড়ের ভেতর পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া গোরাঙ্গ তাকে ধর্ষণচেষ্টা করে। এসময় নিজের ইজ্জত বাঁচাতে ওই নারী ধস্তাধস্তির এক পর্যায়ে গোরাঙ্গের হাত থেকে মুক্ত হয়ে দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বাড়িতে ফিরে স্বামীর কাছে ইশারা-ইঙ্গিতে বিষয়টি প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে ২৩ মে রাতে গোরাঙ্গর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ মামলার আসামি গোরাঙ্গকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170191