জয়পুরহাটে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে রামিসা নামের এক শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ মে) বিকেলে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জয়পুরহাট জেলা শাখা।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে “ধর্ষক ও হত্যার বিচার চাই”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করো”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই” এবং “ধর্ষকের ফাঁসি চাই” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কমিটির সভাপতি সুমাইয়া, ভাইস প্রেসিডেন্ট আশিক হোসাইন, নাফিসা লোবানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক মিলি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিনিয়ত দেশে শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে। রামিসা নামের ওই অবুঝ শিশুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বর ও অমানবিক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবি জানান তারা, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। একইসঙ্গে শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170184