ভোলার হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
ভোলার চরফ্যাশনে শিকদার চরে আলোচিত গৃহবধূ বকুল বেগম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, দু’জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও বেকসুর খালাস পেয়েছেন একজন।
আজ রোববার (২৩ মে) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল মালেক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নানক। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ নভেম্বর গভীর রাতে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার বিচ্ছিন্ন মুজিবনগর ইউনিয়নের ৯ ওয়ার্ডের শিকদারের চরে মো. আলম বাচ্চু মেলকারের বসতঘরের সামনের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার বড় বোন মুকুল বেগমও গুরুতর আহত হন। ঘটনার পরে দুলারহাট থানায় অজ্ঞাতনামা আসামিদের নারেম হত্যা মামলা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে দোষ প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন বিষয়টি নিশ্চত করে বলেন, ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।