ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভয়াশ্রমে পাখির আনাগোনা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারত সীমান্তবর্তী এলাকায় নলাহার নামিয় একটি সরকারি দীঘির পূর্ব পাড়ে প্রায় দুই বিঘা জমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পাখির অভয়াশ্রম করা হয়েছে। মাত্র এক বছর আগে এটিকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। একইসাথে বিভিন্ন পাখি রক্ষার জন্য বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সংম্বলিত সাইনবোর্ড লাগানো হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝোপঝাড়, ছন, ঘাসবন ও নানা রকম গাছপালায় দৃষ্টি নন্দন ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আবাসিক এলাকা থেকে বেশ দূরে নিরিবিলি আবহে এটি পাখিদের নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে। দিনের শুরুতে ও সন্ধ্যায় পাখিদের কিচিরমিচির ডাকে মুখরিত হয়ে উঠে পুরো অভয়াশ্রম। সারাদিন পাখির আনাগোনা ও উড়ে বেড়ানোয় প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার প্রাণ।
পুকুরের পাহরাদার সলিম বলেন, তিনি দিন-রাত এই পুকুর ও পাখির অভয়াশ্রম পাহারা দেন এবং সেখানেই থাকেন। এখানে দিনের বেলা অনেক রকমের পাখি যাওয়া আসা করে আর রাতে এখানেই থাকে। বিকেলে অনেকেই এটি দেখতে আসে। এখানে আরও গাছ লাগানো দরকার।
হরিপুর উপজেলা সদরের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা বলেন, পাখিদের জন্য একটি ভালো মানের অভয়াশ্রম থাকা দরকার। এটি একটি ভালো উদ্যোগ। হরিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোহাগ রানা বলেন, পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আগামীতে এটি জীববৈচিত্র্য সমৃদ্ধ পক্ষীনিবাস হয়ে উঠবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170180