পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে দুজনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে দুজনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন কাপড় ব্যবসায়ী ও একজন কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা ও ফুলঝুড়ি গ্রামে এ দুই হত্যাকাণ্ড ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে আব্দুল কাইয়ুমকে (৩০) নিজ বসতঘরের শয়নকক্ষে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না। পরে বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত কাইয়ুম মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর সেতু সংলগ্ন এলাকায় রেডিমেড কাপড়ের ব্যবসা করতেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ কিংবা স্থানীয়রা। 

অপরদিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইউসুফ শরীফ ফুলঝুড়ি গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী মো. আরাফাত শরীফের সঙ্গে দীর্ঘদিন ধরে ইউসুফ শরীফের জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার দুপুরে এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আরাফাত শরীফের নেতৃত্বে তার বাবা আলমগীর শরীফ, স্ত্রী ফাতেমা আক্তারসহ আরও কয়েকজন মিলে ইউসুফ শরীফকে বাড়ির উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর অভিযুক্তরা মরদেহ ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে বিকাল চারটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফ শরীফের মরদেহ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম জানান, ফুলঝুড়ি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170173