হাম পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিল আইসিআরসি

হাম পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিল আইসিআরসি

দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুদানের আওতায় রয়েছে ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব সরঞ্জাম শ্বাসকষ্টজনিত জটিলতা ও জরুরি রোগী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হাসপাতালগুলোর জরুরি প্রস্তুতি সক্ষমতা আরও জোরদার করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইসিআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

এ সময় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশে জরুরি স্বাস্থ্যসেবা, দুর্যোগ প্রস্তুতি ও জনস্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সঙ্গে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170170