ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
 
আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি সভায় লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে গোলাপি বল ব্যবহার, বোলারের অ্যাকশন অবৈধ কিনা সেটি ম্যাচ চলাকালীনই যাচাই করা এবং ওয়ানডে ম্যাচ চলাকালীন মাঠে কোচ প্রবেশের সুযোগ দেওয়াসহ আরও কিছু বিষয় পরিবর্তনের প্রস্তাব উঠবে।
 
প্রস্তাবগুলো অনুমোদন পেলে আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর করতে পারে আইসিসি।
 
গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী।
 
খারাপ আবহাওয়া বা আলোক স্বল্পতার কারনে ম্যাচ যাতে বন্ধ না হয়, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল দিয়েও খেলা চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে।
 
বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি আছে কি না তা মাঠেই যাচাইয়ের জন্য আম্পায়ারদের সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা করতে ‘হক আই’ ডাটা ব্যবহারের সুযোগ পেতে পারেন আম্পায়াররা।
 
বর্তমানে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে থাকে। এসময় মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন প্রধান কোচও। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে। এই নতুন নিয়ম যুক্ত হবে ওয়ানডে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে মাঠে প্রবেশের অনুমতি আছে প্রধান কোচের।
 
এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনা আছে আইসিসি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170159