জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

আজ রবিবার (২৪ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর বিসিক কার্যালয়ের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে সকাল ১০টার দিকে দড়িপাড়া, দাপুনিয়াসহ পাঁচটি এলাকার বাসিন্দাদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর ফসলি জমি ও বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

পরে জামালপুর পৌরসভার কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170149