ময়মনসিংহে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৪ মে) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা থানা এলাকার হরিপদ বর্মনের ছেলে। বিজয় বর্মণ একটি ঔষধের দোকানে চাকরি করতেন। নেশা করাকে কেন্দ্র করে হয়েছে হত্যাকাণ্ড এমন অভিযোগ পরিবারের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাতে মুক্তাগাছা থেকে ফিরে বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যান তিনি। তবে পরিবারের অভিযোগ তার বন্ধুরা নেশাগ্রস্ত। ময়মনসিংহ থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে বিজয়। এরপর রাত ১২টার দিকে এলাকার বন্ধুদের সাথে বাড়ির পাশে জঙ্গলে আড্ডা দিতে যান তিনি।

তবে রাতে আর বাড়ি ফেরেনি বিজয়। শনিবার (২৩ মে) দিনভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এরপর রবিবার (২৪ মে) সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170132