বেনজীরের ‘ক্যাশিয়ার’ আলোচিত রিফাতকে ট্রাইব্যুনালে হাজির

বেনজীরের ‘ক্যাশিয়ার’ আলোচিত রিফাতকে ট্রাইব্যুনালে হাজির

গুম সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলাসংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। 

এর আগে, ১৯ মে রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আবেদনটি মঞ্জুর করে তাকে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

রিফাত ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। ধানমন্ডি থানায় হওয়া অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। প্রসিকিউশন জানায়, রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে বলপূর্বক গুমের শিকার হওয়া ভুক্তভোগী মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন গোপন বন্দিশালায় আটক রাখা হয়। এ সময়ে গুম হওয়া ব্যক্তিদের ওপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এছাড়া ২০০৯-২০২৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পদ্ধতিগতভাবে হওয়া গুম-খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এজন্য তাকে গুমের মামলায় গ্রেপ্তার দেখাতে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। 

জানা গেছে, সাবেক সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলে থাকা ঢাকা শহরে একাধিক ফ্ল্যাটের তত্ত্বাবধানে ছিলেন রিফাত নিলয়। এসব ফ্ল্যাট থেকে প্রতি মাসে ভাড়ার টাকা সংগ্রহ করতেন তিনি। পরে সেই অর্থ বেনজীরের কাছে পৌঁছে দেওয়া হতো। আওয়ামী লীগ নেতা রিফাত সাবেক এই আইজিপির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170095