বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে - এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) দিনব্যাপী নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে, আর সেই ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার হাত ধরেই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তোতা, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ড, মহেশ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান ও আবুবক্কর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য ৪২টি ইভেন্টে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170045