জয়পুরহাটে ট্রাকের চাপায় এনজিও কর্মীর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এসময় প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170043