১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে: এস এম জিলানী

১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে: এস এম জিলানী

বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার চক্রান্তে বিগত ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

তিনি বলেন, দেশকে পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে শিক্ষার মান উন্নয়নে গত তিন মাসে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ শনিবার (২৩ মে) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য আমি কোটালীপাড়ায় 'আলোকিত কোটালীপাড়া' নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনে রাজনৈতিক সামাজিক সংগঠনের পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় থাকতে হবে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকলে এলাকার শিক্ষার মান বাড়বে।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170015