তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই ক্রিকেট প্রশাসনে আসার সিদ্ধান্ত নেন।

২০২৩ সালে শেষবার জাতীয় দলে খেলা তামিম ২০২৪ সালের ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। এরপরই তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে। তিনি বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়াই আমার ক্রিকেট প্রশাসনে আসার মূল কারণ। গত বছর যখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছি, তখনই হৃদরোগে আক্রান্ত হই। ভাবলাম, আমার ক্রিকেটজীবন শেষ। এরপরও যদি খেলতাম, তাহলে আর বড়জোর দুই-এক বছর। পরিবারের দেখভালের বিষয় ছিল।’

তামিম জানান, খেলোয়াড়ি জীবন শেষ হলেও তিনি ক্রিকেটের সঙ্গেই থাকতে চেয়েছেন। তার লক্ষ্য এখন খেলোয়াড়দের জন্য সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তিনি বলেন, ‘ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং করা এখন আমার কাজ নয়। তবে খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব, যাতে তারা দুই-তিন শতাংশ উন্নতি করতে পারে।’

আসন্ন বিসিবি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন তামিম। পরিস্থিতি অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে পারেন। সব মিলিয়ে এই ভূমিকায় তামিমকে দীর্ঘ সময় দেখা যেতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170011