খাগড়াছড়িতে রামিসা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়িতে রামিসা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

আজ শনিবার (২৩ মে) সকালে জেলা সদরের চেঙ্গী স্কয়ারে ‘ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা এতে অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়ায় দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা শিশু রামিসা হত্যাসহ সব ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান।

একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়-সমতলে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169991