ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া
দুয়ারে কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাকি আর মাত্র এক সপ্তাহ। তবে উৎসবের এই আবহে স্বস্তির বদলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে তীব্র ভ্যাপসা গরম।
এরইমধ্যে দেশের ১১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা জনজীবনকে একদম নাজেহাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন– কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? ঈদ উদ্যাপনে বৃষ্টির বাগড়া থাকবে, নাকি সঙ্গী হবে তপ্ত রোদ?
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঈদের দিন গরম থেকে খুব একটা নিস্তার মেলার সম্ভাবনা নেই। উল্টো কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহের দাপট বজায় থাকতে পারে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঢাকা বিভাগের কিছু কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে ঈদের নামাজ আদায় কিংবা কোরবানির আনুষ্ঠানিকতায় ঢাকাবাসীকে গরমের তীব্রতা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের সব অঞ্চলের ভাগ্য এক রকম হবে না।ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের বাসিন্দারা হয়তো কিছুটা স্বস্তির বৃষ্টিতে ঈদ উদ্যাপন করতে পারবেন।
দেশের উত্তরাঞ্চল (রংপুর ও রাজশাহী বিভাগ) এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই ক্ষীণ। উল্টো এসব অঞ্চলে গরমের তীব্রতা বেশি থাকবে।
এদিকে আজ বৃহস্পতিবার (২৩ মে) আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী ২৬ মে (মঙ্গলবার) থেকেই দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর–এই ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169970