বিসিবি নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন যারা
স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। আগামী ৭ জুন বোর্ড কক্ষে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নির্বাচন। এরই মধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রার্থীদের মধ্য থেকেই নির্বাচনের মাধ্যমে ২৩ জন বোর্ড পরিচালক নির্বাচিত হবেন।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে রয়েছেন ১১ সদস্য। নতুন নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
জানা গেছে, প্রথম ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে বিভিন্ন ক্লাব থেকে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আর তৃতীয় ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও জাতীয় দলের সাবেক অধিনায়কদের মধ্য থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহিরুল হক চৌহান সংবাদ সম্মেলনে প্রথম ও তৃতীয় ক্যাটাগরির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, মনোনয়নপত্র জমা দিলেই চূড়ান্ত প্রার্থী হওয়া যাচ্ছে না। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরে আপিলের সুযোগও থাকছে। ফলে এখনই ৩৩ জনের এই তালিকাকে চূড়ান্ত বলা যাচ্ছে না।
ঢাকা বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং জসিমউদ্দিন খান খসরু। চট্টগ্রাম বিভাগ থেকে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈনউদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম।
রাজশাহী বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। রংপুর বিভাগ থেকে রয়েছেন মির্জা ফয়সল আমিন। খুলনা বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আবদুস সালাম।
বরিশাল বিভাগ থেকে রয়েছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। সিলেট বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী।
তৃতীয় ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169956