শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বলেন, শনিবার সকাল ৯টায় সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর ১২টায় তিনি ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে তিনি খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

এরপর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৫টায় তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169837