বগুড়ার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় বাস সুপারভাইজার নিহত  

বগুড়ার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় বাস সুপারভাইজার নিহত  

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মহাস্থান মৎস্য আড়ৎসংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইসতিয়াক আহমেদ (২৪)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও আরাফাত পরিবহন নামের যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুর দিকে যাচ্ছিল। আজ ভোরে মহাস্থান ওভারপাস ব্রিজ পার হয়ে মৎস্য আড়তের কাছে বাসটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ইসতিয়াক আহমেদ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে।

 

 

 

 

 

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169823