খুলনায় বিএনপি অফিসে ঢুকে গুলি, যুবদল নেতাসহ আহত ২
খুলনায় পূর্ব শত্রুতার জেরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের উরুতে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।
এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধ জাহিদ জানান, আমরা দুজন বিএনপি অফিসে বসে ছিলাম। এ সময় হঠ্যাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ্য করে পারভেজ গুলি করে। গুলি ঠেকাতে গিয়ে আমার হাতে গুলি লাগে।
এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169801