রামিসা হত্যার বিচার চাইলেন শরিফুল
স্পোর্টস ডেস্ক: সিলেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যখন উৎসবে ভাসছিল বাংলাদেশ, ঠিক তখনই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভয়ংকর এক খবর। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে এক প্রতিবেশী। এমন জঘন্য কাজে ঘাতকের স্ত্রীও সহযোগিতা করেছে। এই লোমহর্ষক ঘটনা ম্লান করে দিয়েছে পাকিস্তানকে ধবলধোলাই করার আনন্দ।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি করেছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।নিজের পোস্টে শরিফুল ইসলাম লিখেছেন, ‘জয়ের আনন্দ এখনো আছে কিন্তু মনটা বিষণ্ন, হতাশ। কী দোষ ছিল এই ছোট্ট শিশুর? আমরা কবে এসব থেকে মুক্ত হব? রামিসা হত্যার বিচার চাই। ধর্ষণ যারা করে তাদের এমন উপযুক্ত শাস্তি চাই, যেন পরেরবার কেউ এই ঘৃণিত কাজ করার চিন্তাও করতে না পারে। সবাই মিলে কবে আমরা একটা দেশ হয়ে উঠব? রামিসা হত্যার বিচার চাই।’দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর এমন নিপিড়ন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শরিফুল এই ঘৃণিত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169751