বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে।

বুধবার নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে জটিলতা ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও জমি হস্তান্তরের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, ভারতের বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনো অরক্ষিত। তাই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও বিএসএফ যৌথভাবে কাজ করবে।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, হস্তান্তরকৃত জমিতে দ্রুতই কাঁটাতারের বেড়া নির্মাণ, নতুন সীমান্ত চৌকি স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ শুরু করা হবে। পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হবে।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169741