নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
নাটোর প্রতিনিধি: নাটোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ২শ’ গ্রাম হেরোইনসহ মোছা: ডলি(৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর থানা এলাকার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকাস্থ গ্রামীণফোন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছা: ডলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা (চাকপাড়া) গ্রামের মৃত ছইবুর রহমানের স্ত্রী।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপাড়া এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ’র একটি যাত্রীবাহী বাসকে থামিয়ে বাসের ভেতর তল্লাশি চালায় অভিযানকারী দল। এ সময় বাসের যাত্রী মোছা: ডলিকে সন্দেহ হলে নারী সিপাই মোছা: বেনজিন আক্তার ববির সহায়তায় তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়।
এসময় তার কাছ থেকে একটি সাদা টিস্যু শপিং ব্যাগ থেকে ২টি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দু’টিতে ২শ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। ডিএনসি কর্মকর্তারা জানান, জব্দকৃত ২শ’ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে ডিজিটাল পরিমাপক যন্ত্র দিয়ে মাদক ওজন করার পর তা সীলগালা করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
এ ব্যাপারে পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত আসামি মোছা: ডলি নিজ দখলে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে এ অবৈধ মাদক পরিবহণ করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169717