দিনাজপুরের ঘোড়াঘাটে চায়না ৩ ও মাদ্রাজী লিচুর ফলন ভালো হলেও অন্যান্য জাতের কম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে এবার চায়না-৩ ও মাদ্রাজী জাতের লিচুর ফলন ভালো হলেও অন্যান্য জাতের লিচুর ফলন তুলনামূলক কম হয়েছে। তবে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি এ রসালো ফল।
আজ বুধবার (২০ মে) সরেজমিনে উপজেলার সর্ববৃহৎ রাণীগঞ্জ বাজার, ঘোড়াঘাট পৌরবাজার, ডুগডুগিহাট, ওসমানপুর বাজার ও হরিপাড়াহাট ঘুরে দেখা যায়, স্থানীয় বাগানের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকেও লিচু আসতে শুরু করেছে। বিক্রেতারা বাঁশের ঝুড়ি ও ডালায় সাজিয়ে বিভিন্ন জাতের লিচু বিক্রি করছেন।
বর্তমানে মাদ্রাজী জাতের লিচু ‘শ’ প্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতাদের ব্যাপক চাহিদা রয়েছে। অপরদিকে বোম্বাই ও বেদানা জাতের লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানান তারা। বিক্রেতারা জানান, বাজারের সব থেকে চাহিদাসম্পন্ন চায়না ৩ আসতে আরও কমপক্ষে ১ মাস সময় লাগবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রায় ৬৭ হেক্টর জমিতে ছোট, মাঝারি ও বড় মিলিয়ে প্রায় ১২৭টি বাগানে লিচু চাষ হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাগানগুলোতে চায়না ৩ ও মাদ্রাজী জাতের লিচুর ফলন ভালো হয়েছে।
উপজেলার কুলানন্দপূর গ্রামের লিচু চাষি আরিফুল করিম রুবেল জানান, আমার প্রায় ৪ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও চায়না ৩ ও মাদ্রাজী জাতের লিচুর ফলন ভালো হয়েছে। তবে অন্যান্য যেমন বোম্বাই ও বেদানা জাতের লিচুর ফলন যাতে ভবিষ্যতে ভালো হয় সেই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি কৃষি অফিস থেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, মাদ্রাজী ও চায়না ৩ জাতের লিচুর ফলন এবার ভালো হয়েছে। তবে লিচুর স্বাভাবিক বৈশিষ্ট্য ‘অল্টারনেট বেয়ারিং’র কারণে এক বছর ভালো ফলন হলেও পরের বছর ফলন কমে যায়। তবে ‘অল্টারনেট বেয়ারিং’ বৈশিষ্ট্য বোম্বাই, বেদানা জাতের ক্ষেত্রে বেশি দেখা দিয়ে থাকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169702