বগুড়ার ধুনটে বিএডিসি’র এলএলপি প্রকল্পের সেচযন্ত্র স্থাপনে অনিয়মের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামে লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গ্রামের ভুক্তভোগী কৃষক সাব্বির হোসেন শাহীন বাদি হয়ে বিএডিসি বগুড়া সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
আজ বুধবার (২০ মে) দুপুরে সরেজমিন সাতটিকরি গ্রামে ফসলের মাঠে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে এলএলপি প্রকল্পের সেচযন্ত্র স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে ওই মাঠের অধিকাংশ জমিতে বোরো ধান কাটার কাজ চলমান থাকায় সেচযন্ত্র স্থাপনের কাজটি ধীর গতিতে চলছে। অভিযোগকারী কৃষক সাব্বির হোসেন শাহীন সাতটিকরি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতটিকরি গ্রামে ফসলের মাঠে সাব্বির হোসেন শাহীন ও আরো তিন কৃষকের অগভীর নলকূপ রয়েছে। চার কৃষক ২০১৮ সালে বিএডিসি’র উপজেলা সেচ কমিটি থেকে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের অনুমোদন নিয়ে জমিতে পানি সেচ কাজ পরিচালনা করছেন। ওই চার সেচযন্ত্রের এলাকার মধ্যে প্রায় শত বিঘা আবাদি জমি রয়েছে।
এ অবস্থায় চারটি সেচযন্ত্রের এলাকার মধ্যে এলএলপি প্রকল্পের সেচযন্ত্র স্থাপনের কাজ শুরু করেছে বিএডিসি। ওই মাঠসংলগ্ন ইছামতি নদী থেকে এলএলপি প্রকল্পের সেচযন্ত্র দিয়ে পানি সেচ দেওয়া হবে। বিধিমোতাবেক এলএলপি সেচযন্ত্র স্থাপনের আগে কৃষকদের নিয়ে সমিতি গঠন করে সেই সমিতির নামে সেচযন্ত্র স্থাপনের অর্থ বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু সমিতি গঠন না করেই সেচযন্ত্র স্থাপন করা হচ্ছে।
ওই এলাকায় এলএএলপি সেচযন্ত্রের প্রয়োজন না থাকলেও বিএডিসি অতিউৎসাহিত হয়ে সেখানে সেচযন্ত্র স্থাপন করছে। এলএলপি সেচযন্ত্র স্থাপন করা হলে ওই মাঠের চারটি সেচযন্ত্রের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে কৃষক সাব্বির হোসেন শাহীন তার অভিযোগে এলএলপি সেচযন্ত্র স্থাপন কার্যক্রম বন্ধের দাবি করেন।
এ বিষয়ে বগুড়া বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, এলএলপি সেচযন্ত্র স্থাপনের পাশাপাশি কৃষকদের নিয়ে সমিতি গঠনের কাজ চলমান রয়েছে। নদীর তীরবর্তী দেড় কিলোমিটার এলাকার ভেতর অগভীর নলকূপ স্থাপনের বিধান নেই, তারপরও উপজেলা সেচ কমিটি থেকে চারটি সেচযন্ত্র কীভাবে অনুমোদন নিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এলএলপি স্কিমের সেচযন্ত্র স্থাপনে কোন প্রকার অনিয়ম করা হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169682