সুন্দরবনে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে অপহরণ
সুন্দরবন সংলগ্ন খটকা খাল থেকে ১৭ জেলেকে অপহরণ করার খবর পাওয়া গেছে।
এর মধ্যে ১১ জনের নাম জানা গেছে।তবে কোন দস্যু বাহিনী তাদের অপহরণ করেছে, তা জানাতে পারেননি ট্রলারের মালিক ও স্বজনরা।
গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে পাথরঘাটা থেকে পশ্চিমে সুন্দরবনের খটকা খাল এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে। অপহরণের খবর শুনে পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবনের কটকা খাল থেকে ১৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। তবে এখন পর্যন্ত কোন বাহিনী তাদের ধরে নিয়ে গেছে, তা জানা যায়নি।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগীর আলম বলেন, ১৭ জন জেলে অপহরণ হয়েছে। তবে কোন বাহিনী করেছে তা এখনো জানতে পারিনি। তাছাড়া এখন পর্যন্ত মুক্তিপণও দাবি করেনি। পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
তিনি আরও বলেন, অপহরণের খবর শোনার সঙ্গে সঙ্গে চিফ হুইপকে জানিয়েছি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন।