১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
নিহত চালকের নাম মো. মমিন (৩৫)। তিনি সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
আজ বুধবার (২০ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, গত রোববার (১৭ মে) বিকেলে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের লাইনম্যান শাহিন চালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায়ের কিছুক্ষণ পর আবারও টাকা দাবি করেন। মমিন পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনাস্থল থেকে মমিনকে উদ্ধার করে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, 'এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।'
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169652