এখনো কোনো সিদ্ধান্ত নেননি গার্দিওলা
স্পোর্টস ডেস্ক : গতকাল রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সিটি কোচ গার্দিওলা জানিয়েছেন, এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং এমন ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সময়টা সঠিক নয় বলেও মন্তব্য করেন গার্দিওলা।
সিটির এই ড্রয়ে ২২ বছর পর লিগ শিরোপা জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের। ফলে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি এখন সিটির জন্য স্রেফ আনুষ্ঠানিকতা। আর ম্যাচটি সম্ভবত রূপ নিতে যাচ্ছে গার্দিওলার জন্য এক আবেগঘন বিদায়ী মঞ্চে। তবে মৌসুম শেষে সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা খোলাসা করে কিছুই বলেননি। বোর্নমাউথের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, আমি বলতেই পারি যে চুক্তির আরও এক বছর বাকি আছে। তবে আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টুর্নামেন্ট চলাকালে যেকোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা দলের জন্য সব সময়ই খুব খারাপ ফল নিয়ে আসে।
গার্দিওলা বলেন, আপনারা বুঝতেই পারছেন, এ বিষয়ে সবার আগে আমার ক্লাবের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা উচিত। কারণ, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, মৌসুম শেষ হলে আমরা একসঙ্গে বসব এবং আলোচনা করব। এরপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সিটিকে ছয়বার লিগ জেতানো এই কোচ এরপর বলেন, চুক্তির আরও এক বছর বাকি আছে। আমি এখানে আপনাদের কিছু বলব না। কারণ, আগে আমার চেয়ারম্যান, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। আমরা যখন এফএ কাপ খেলি, চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াই করি কিংবা প্রিমিয়ার লিগে খেলি-তখন মাথায় কেবল একটাই চিন্তা থাকে। পুরো মনোযোগ থাকে দলকে সর্বোচ্চ পয়েন্ট এনে দেওয়ার দিকে, আর আমরা সেটাই করেছি।
ড্রয়ে ঘরোয়া ট্রেবলের স্বপ্নও চূর্ণ হলো সিটির। কয়েক দিন আগেই এফএ কাপ জিতেছে তারা, এর আগে ঘরে তুলেছে লিগ কাপের ট্রফিও। খেলোয়াড়দের প্রশংসা করে গার্দিওলা বলেন, খেলোয়াড়েরা পুরো মৌসুমে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছে। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169637