চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মরিয়ম বেগম (৫৭) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৯নং ওয়ার্ডের নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া মহল্লার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। মঙ্গলবার (১৯ মে) ভোরে ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ একই ওয়ার্ডের চৌকা মহল্লার রুবেল হোসেনের (৩৫) বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের মাথা ও মুখমন্ডলে ভোঁতা অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া মরিয়মের কান থেকে স্বর্ণের দুল ছিড়ে নেয়ার আলামত মিলেছে। পুলিশ এ ঘটনায় রুবেল, তার স্ত্রী সুমি খাতুন (৩০) ও দীপক নামে এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরিয়ম প্রতিদিন রুবেলের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী মিথিলিাকে পড়াতে তার বাড়ি যেত। গত সোমবার সকালে পড়াতে যাবার পর তিনি নিখোঁজ হন। পুলিশ আরও জানায়, সুমির বিরুদ্ধে এর পূর্বেও একাধিক নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে সোনাদানা হাতিয়ে নেয়ার মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের লোভেই সুমি তার স্বামীকে নিয়ে মরিয়মকে খুন করে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটকদের জিজ্ঞাসবাদ চলছে। দ্রুত এই হত্যার জট খুলবে বলে আশা করা হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169592