ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

রংপুর জেলা প্রতিনিধি: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুর হাট ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন, পরিবহণ খাতের প্রতিনিধি এবং পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। সোমবার (১৮ মে) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) লিমন রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো: হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল মামুন, মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফিজার রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুসহ বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা ঈদকে কেন্দ্র করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169587