নেছারাবাদে পরিত্যক্ত ঘরের পাশে তান্ত্রিকের মরদেহ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পরে পরিত্যক্ত বাড়ির থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০)। তিনি উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নির্মল হালদারের ভাগিনা দিলীপ হালদার জানান, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে জানতে পারেন তার মামা নিখোঁজ হয়েছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে খবর আসে পানাউল্লাহপুর গ্রামে একটি বাড়ির পাশে তার মরদেহ পড়ে রয়েছে।
তিনি আরও বলেন, মামার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া সবসময় তার কাছে কিছু নগদ টাকাও থাকত।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ সকালে সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে এবং পুলিশের ডিকেক্টিভ টিমকে জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।