টঙ্গীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত ১

টঙ্গীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত ১

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর এলাকার শাজাহানের টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমিন আক্তার (২৩)।

তিনি সুজন মিয়ার স্ত্রী। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় শাজাহান মিয়ার টিনশেড বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন নাজমিন আক্তার। বিকেলে নাজমিন তার বর্তমান স্বামী সুজনের সঙ্গে বাসায় ছিলেন।

এ সময় তার সাবেক স্বামী জাকির হোসেন সেখানে যান। বাসায় নাজমিনকে সুজনের সঙ্গে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাকির হোসেন ধারালো অস্ত্র দিয়ে নাজমিন ও সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই নাজমিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169568