পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের উত্তেজনার মুখে সেতুমন্ত্রী, মঞ্চে না উঠেই ফিরলেন

পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের উত্তেজনার মুখে সেতুমন্ত্রী, মঞ্চে না উঠেই ফিরলেন

পটুয়াখালীর বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে এসে বিএনপি-জামায়াতের উত্তেজনার মুখে পড়েন যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা ও দুমকি প্রান্তে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়। তবে বগা প্রান্তে নেতাকর্মীদের বিক্ষোভ ও পাল্টাপাল্টি শ্লোগানের ঘটনায় সেখানে মঞ্চে উঠতে পারেননি মন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগা প্রান্তের মঞ্চের আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিতে করে নদী পার হয়ে বগা প্রান্তে পৌঁছালে বিএনপির একদল নেতাকর্মী স্লোগান দিয়ে তার পথরোধ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চ ও ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকায় তারা প্রতিবাদ জানিয়েছেন। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থক এবং এ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে সেতুমন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না উঠে সেখান থেকে ফিরে যান। পরে তিনি দুমকি প্রান্তে নির্মিত অপর মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন।

এ বিষয়ে জানতে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয় আসার পর বিএনপি ও জামায়াতের কিছু নেতাকর্মীর কারণে তিনি মঞ্চে ওঠেননি। মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি ফিরে যান। সেখানে দুই পক্ষের নেতাকর্মীরাই মিছিল ও স্লোগান দিয়েছেন।’

বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানের মঞ্চ তৈরির আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ কারণে বগা প্রান্তে মন্ত্রী পৌঁছালে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এছাড়া মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ছবি না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169565