কাল গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামীকাল বুধবার গাজীপুরের টঙ্গী সাতাইশ ধরপাড়া এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা ২টায় ওই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বুধবার সকালে তিনি গাজীপুরের সফিপুর আনসার একাডেমি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গাছা হয়ে টঙ্গীর ধরপাড়া এলাকায় আসবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, সাতাইশ, গাছাসহ আশপাশের এলাকায় রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষ্যে টঙ্গী ও গাছাসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সব মিলিয়ে, আগামীকালের এই সফরটি টঙ্গী তথা গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টঙ্গীতে আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ, র্যাব , পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169526