নওগাঁর আত্রাইয়ে গভীর রাতে অর্ধশত যানবাহন আটকে ডাকাতি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত উপজেলার থাঐপাড়ার দক্ষিণে ভাঙাব্রিজ নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতদল আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে রাস্তার উপর নৌকা ও পরিত্যক্ত টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৪০ থেকে ৫০টি যানবাহনে গণডাকাতি করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
ডাকাতদলের কবলে পড়া সৌদিআরব প্রবাসী উপজেলার জয়নাথপুর গ্রামের আশরাফুল ইসলামের বরাত দিয়ে তার বাবা সাইদুর রহমান বলেন, তার ছেলে সৌদি থেকে দেশে ফিরে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি আসছিল। ওই স্থানে আসার পর ডাকতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ অর্থ ছিনিয়ে নেয়। বিহারীপুর গ্রামের মাইক্রো চালক হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসছিলাম। ঘটনাস্থলে পৌঁছার পর বিভিন্ন যানবাহনের লম্বা সারি দেখতে পেয়ে ভীত হয়ে পড়ি। একপর্যায়ে ডাকাতরা তার গাড়ি ঘিরে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী এক অভিযোগ করেন, তিনি ৯৯৯ নম্বরে আত্রাই থানায় ফোন দিলে পুলিশ তাকে জানান এটি তাদের এরিয়া না। তবে বিষয়টি অস্বীকার করে আত্রাই থানার ওসির দায়িত্বে নিয়োজিত এসআই ইফতেখার বলেন, থানায় ওই সময় ৯৯৯ নম্বরে কোন ফোন আসেনি। বরং ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছি।
এদিকে, গতকাল সোমবার সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা ডিবি পুলিশের উর্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই ইফতেখার আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169472