নরসিংদী থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদী থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদী থেকে চুরি হওয়া উম্মে হানি (৩) নামে এক শিশুকে ঘটনার দুইদিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক দম্পতিকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুন (২৯)।

উদ্ধার হওয়া শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লা ও ছাকিনা বেগম দম্পতির মেয়ে।

পরিবারটি শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

শিশুটির মা ছাকিনা বেগম জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে তাদের পরিচয় হয়।

শরিফার বাড়ি সিলেটে এবং তার স্বামী শিবপুরের ধানুয়া এলাকার একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৫ মে সকালে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন তাকে সঙ্গে নিয়ে যান। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কোথাও সন্ধান না পেয়ে ওইদিন সন্ধ্যায় শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাব যৌথভাবে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে র‌্যাবের সহযোগিতায় মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়। এরপর তার স্বামী নিজামকেও গ্রেপ্তার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মাধবপুর থেকে শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169471