বগুড়ার মোকামতলায় ছুরিকাঘাতে দুই যুবক খুন

বগুড়ার মোকামতলায় ছুরিকাঘাতে দুই যুবক খুন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় জমাজমি সংক্রান্ত বিরোধে মারামারি ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। খুনের শিকার দুই যুবক হলেন-স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৭) ও জামিল আহমেদের ছেলে ইয়াসিন আলী (৩৩)। আজ সোমবার (১৮ মে) সকালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। 

পরিবার ও গ্রামবাসী জানান, জামিল আহমেদ ও সুমনের সাথে রেজাউলের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। আগের ওই বিরোধকে কেন্দ্র করে আজ সোমবার সকাল ৮টায় রেজাউলের পরিবারের সাথে ওই দুই পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন ও ইয়াসিন আলীকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়, আহত সুমনকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফলে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। সহকারী পুলিশসুপার রবিউল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনায় রেজাউলের ছেলে আবু আহাদকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি চলছে এবং মামলা দায়েরেও প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169401