গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে পৌর শহরে পাকা রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীসহ যানবাহন নিয়ে চলাচল করছেন এলাকার লোকজন। দীর্ঘ দিনেও রাস্তার পাশে পুকুরে দেওয়া হয়নি গাইড ওয়াল। সংস্কার বা মেরামত করা হয়নি ওই রাস্তাটি। পৌর কর্তৃপক্ষ সময় মত নজর না দেওয়ায় এ পুকুরের গর্ভে বিলীন হতে যাচ্ছে জন বসতিপূর্ণ এলাকার পাকা রাস্তাটি। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন তিন শতাধিক পরিবারের লোকজন। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তিটা বেড়ে যায়।

সম্প্রতি ঘুরতে গিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের তাঁতীপাড়ার জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে দেখা গেছে রাস্তা ও পুকুরের এমন চিত্র। পৌর শহরের হাবলুর মোড় হয়ে তাঁতীপাড়া মহল্লার ভিতর দিয়ে তিস্তা বাজার, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানে যাতায়াতের মধ্যবর্তী স্থান বসুনিয়ার বাড়ির সামনের রাস্তায় রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়রা বলছেন, মহল্লার ভিতরে যাতায়াতের রাস্তার পাশেই পুকুর থাকায় বর্ষাকালে পাড় ও রাস্তা ধসে পুকুরে যাচ্ছে। এছাড়াও উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং ও ইটের খোয়াগুলোও।

এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু কিশোর শিক্ষার্থীসহ রিকশা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে করে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিদ্যমান পরিস্থিতে মরণফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। দীর্ঘদিন  জনদুর্ভোগের এ রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।

স্থানীয় ব্যক্তি মো: সাদেক আলী বলেন, রাস্তাটি পাকাকরণের কাজ করা হয় প্রায় ১০-১২ বছর আগে। এর পর আর কোন মেরামত করা হয়নি। ইতোমধ্যে রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। পুকুরে রাস্তা ধসে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পুকুর পাড়ের রাস্তাটুকু জরুরিভাবে সংস্কার করা না হলে যেকোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি জানান, ওই স্থানে রাস্তা ধসে পুকুরে যাচ্ছে এমন বিষয়টি আমি জানতে পেরেছি। সরেজমিনে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169381